সোনার দোকানে দুঃসাহসিক চুরি
দি নিউজ লায়ন ; একটি সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো। ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের ভাতার থানা এলাকায়। জানা যায়, শনিবার রাতে ভাতার থানার কামারপাড়ায় একটি সোনা রূপোর গহনা তৈরির দোকানে চুরি হয়।
রবিবার সকালে ঘটনার কথা জানতে পারেন দোকান মালিক দ্বারকানাথ দাস। তিনি জানান ৩০০ গ্রামের বেশি সোনার গহনা এবং ৫ কেজির বেশি রূপো, নগদ টাকা সহ প্রায় ২৫ লক্ষ টাকা চুরি হয়েছে।ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ভাতার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
দ্বারকানাথবাবু জানিয়েছেন শনিবার রাতে তিনি দোকান বন্ধ করে বাড়ি চলে যান। দোকান থেকে কিছুটা দূরেই তাদের বাড়ি। সকালে স্থানীয় কয়েকজন দেখতে পান দোকানের সার্টার ভাঙা। তারপর দোকান মালিক এসে দেখেন সার্টারের মোট চারটে তালা ভেঙেছে দুস্কৃতীরা। দোকানে থাকা পর পর চারটি ভল্ট ভাঙে। চারিদিকে ছড়ানো গহনার খালি বাক্স।
দোকানে সিসিটিভি ক্যামেরাগুলির মুখ ঘুরিয়ে দিয়ে এবং সিসিটিভির হার্ডডিস্ক পর্যন্ত খুলে নিয়ে চম্পট দিয়েছে দুস্কৃতীরা। দ্বারকানাথ দাস জানান, দোকানে প্রায় ২৫ লক্ষ টাকার চুরির ঘটনার পর এলাকার ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে রয়েছেন। স্থানীয়দের দাবি কামারপাড়া বাজারে নিরাপত্তার ব্যবস্থা করুক পুলিশ।

Post a Comment